
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানি শুরু হচ্ছে আজ রোববার (২৪ আগস্ট) বেলা ১২টা থেকে। যা চলবে বুধবার (২৭ আগস্ট) পর্যন্ত। এ চারদিনে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এই তথ্য গণমাধ্যমকে জানান।
জনসংযোগ শাখা জানায়, রোববার (২৪ আগস্ট) থেকে সীমানা নির্ধারণে দাবি-আপত্তির যে আবেদনগুলো এসেছে সেগুলোর শুনানি শুরু হবে। যা চলবে বুধবার (২৭ আগস্ট) পর্যন্ত। এসব দাবি-আপত্তির বিষয়ে শুনানি গ্রহণের পর পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে, নির্বাচন কমিশনে মোট ৮৩টি আসনের সীমানা পরিবর্তনে এক হাজার ৭৬০টি আবেদন জমা পড়ে। সবচেয়ে বেশি আবেদন পড়ে কুমিল্লা অঞ্চল থেকে ৬৮৩টি। সবচেয়ে কম আবেদন ছিল রংপুর অঞ্চলে সাতটি। সবচেয়ে বেশি আবেদন পড়ে একক আসন হিসেবে কুমিল্লা-১ আসনে, ৩৬২টি। পিরোজপুর-১, পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ আসন থেকে আবেদন পড়ে ২৮৭টি। সিরাজগঞ্জ-৫ ও সিরাজগঞ্জ-৬ আসন থেকে আবেদন পড়ে ২২০টি। এদিকে ঢাকার মধ্যে ঢাকা-১ আসনে আবেদন পড়ে সবচেয়ে বেশি ৭৯টি।
এছাড়া পরিবর্তন আনা হয় ৩৯টি আসনে। এগুলো হলো-পঞ্চগড় ১ ও ২; রংপুর ৩; সিরাজগঞ্জ ১ ও ২; সাতক্ষীরা ৩ ও ৪; শরীয়তপুর ২ ও ৩; ঢাকা ২,৩,৭,১০,১৪ ও ১৯; গাজীপুর ১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫; সিলেট ১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩; কুমিল্লা ১, ২, ১০ ও ১১; নোয়াখালী ১, ২, ৪ ও ৫; চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩ আসন।
উল্লেখ্য, দাবি-আপত্তিগুলো শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
0 Comments